যখন শোনা গেল OnePlus বাংলাদেশে সরাসরি নিজেদের অপারেশন শুরু করছে, তখন থেকেই সবার আগ্রহ ছিল—ওরা প্রথম কোন ডিভাইস আনবে? আর এলোও তাই, OnePlus Nord N30 SE 5G। দাম ১৬,৯৯৯ টাকা (4GB+128GB)। প্রশ্ন হচ্ছে, এই বাজেট ফ্ল্যাগশিপ-খ্যাত ব্র্যান্ডটা কি এত কম দামে নিজের সেই একই জাদু ধরে রাখতে পেরেছে? ফোনটা হাতে নিয়ে কয়েকদিন ভালোভাবে ঘেঁটে যে অভিজ্ঞতা হলো, সেটাই আজ খোলাখুলি বলে দিচ্ছি।
Design & Build Quality
হাতে নেওয়ার পর প্রথম যে ব্যাপারটা চোখে পড়ে, সেটা হলো—বাজেট ফোন হলেও ডিজাইনে বেশ এফোর্ট দিয়েছে OnePlus। পুরো বডি পলিকার্বোনেট দিয়ে বানানো, যা এই দামে একেবারেই স্বাভাবিক। কিন্তু পলিকার্বোনেট হলেও জিনিসটা দেখতে একদম নিম্নমানের লাগে না।
আমার কাছে Cyan Sparkle কালারটা এসেছে—যেটা আলো পড়লে হালকা নীলাভ-সবুজ চিকচিক করে। পিছনের প্যানেলে যে সূক্ষ্ম প্যাটার্ন দেওয়া আছে, সেটা জিনিসটাকে একটু প্রিমিয়াম ভাইব দেয়। আর হ্যাঁ, গ্লসি ফিনিশ হওয়া সত্ত্বেও আঙুলের দাগ তেমন একটা পড়ে না, যেটা আমার বেশ ভালো লেগেছে। যারা একদম চকচকে পছন্দ করেন না, তাদের জন্য Black Satin নামের ম্যাট কালো ভার্সনও আছে।
একটা মজার তথ্য—ফোনটা বাংলাদেশেই অ্যাসেম্বল করা হচ্ছে। ফলে দামে বাড়তি ট্যাক্সের চাপ কিছুটা কমেছে বলেই ধরে নেওয়া যায়।
সাইডে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। আনলকিং একুরেট, প্রায়ই মিস রিড করে না। তবে আমার মতে আরেকটু দ্রুত হলে ভালো হতো। পাশে ট্রে-টা হাইব্রিড—একটা SIM আরেকটা মাইক্রো SD, অথবা দুইটা SIM ব্যবহার করতে পারবেন। যারা প্রচুর গান বা ভিডিও রাখেন, তাদের জন্য মাইক্রো SD সাপোর্টটা দারুণ। আর আছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা এখনও অনেকের জন্য জরুরি।
Display Experience
Nord N30 SE-তে 6.72 ইঞ্চির একটা LTPS LCD প্যানেল দেওয়া হয়েছে। রেজুলেশন Full HD+। ‘LTPS’ মানে Low-Temperature PolySilicon, যেটা সাধারণ IPS ডিসপ্লের চেয়ে একটু বেশি পাওয়ার-এফিশিয়েন্ট এবং ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে।
এই ডিসপ্লের সবচেয়ে ভালো দিক হচ্ছে এর 90Hz refresh rate, যেটা দরকার মতো 30Hz, 48Hz, 60Hz আর 90Hz-এ নিজে থেকেই সুইচ করে। পরীক্ষার সময় দেখেছি, ফোনটা 90Hz সেটিংস খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। অনেক বাজেট ফোন 90Hz দেয় কিন্তু ঠিকমতো ধরে রাখতে পারে না, স্মুথনেস টলে যায়। এখানে সেটা হয়নি। স্ক্রোলিং বা সোয়াইপ করার অভিজ্ঞতা বেশ ফ্লুইড।
তবে কালার স্যাচুরেশন একটু কম। ছবিগুলো খুব পপ করে না, বরং একটু ন্যাচারাল টোন দেয়। এটা অনেকের কাছেই ভালো লাগবে, কারন বাড়তি ভাড়ামো নেই। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন মোটামুটি একুরেট, কিন্তু উজ্জ্বলতা আরেকটু বেশি হলে খুশি হতাম। বাইরে কড়া রোদের নিচে স্ক্রিন পড়তে একটু কষ্ট হয়। ইনডোরে অবশ্য তেমন সমস্যা নেই।
যেটা আমাকে সত্যিই চমকে দিয়েছে, সেটা হলো ডুয়েল স্টেরিও স্পিকার। এই দামের ফোনে এত লাউড আর ক্লিয়ার সাউন্ড আশা করিনি। OnePlus দাবি করছে 300% পর্যন্ত সাউন্ড বুস্ট করা যায়। রাস্তার শোরগোলের মধ্যে রিংটোন শোনা বা হাতের কাছে স্পিকার না থাকলে বন্ধুদের সাথে ভিডিও দেখার সময় এই ফিচার সত্যিই কাজে দেয়। স্পিকারের কম্বিনেশন আর ভলিউমের কারণে এটি তার কম্পিটিশন থেকে স্পেশাল।
Performance & Gaming
পারফরম্যান্সের মূলে আছে MediaTek Dimensity 6020 চিপসেট। সহজ বাংলায় বললে এটা Helio G99-এর 5G ওয়ালা কাজিন। পারফরম্যান্স প্রায় G99-এর ক্লাসেরই, মানে বাজেট রেঞ্জে যথেষ্ট কাবিল। সিন্থেটিক বেঞ্চমার্কেও তাই বলছে।
কিন্তু 5G থাকাটা বাংলাদেশের বাস্তবতায় এখন একটু বিলাসিতাই। কবে আসবে, কবে ব্যবহার করতে পারব, সেটা নিশ্চিত না। তাই ব্যক্তিগতভাবে মনে হয়, মিডিয়াটেকের Helio G সিরিজের চিপ দিয়ে 6GB RAM দিলে দাম-পারফরম্যান্সের আরও ভালো সমীকরণ হতো।
এই প্রসঙ্গেই বলি, সবচেয়ে বড় আক্ষেপ—RAM। ২০২৪ সালে এসে মাত্র 4GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এই অল্প র্যামের কারণে ফোনের RAM ম্যানেজমেন্ট একদম এগ্রেসিভ। ৩-৪টার বেশি অ্যাপ হোল্ড করে রাখতে পারে না ঠিকভাবে। বড় একটা গেম খুললেই ব্যাকগ্রাউন্ডের ছোট অ্যাপগুলোকে “মামার বাড়ি” পাঠিয়ে দেয়। তখন UI-টা একটু চপি হয়ে যায়। মাল্টিটাস্কিং করতে গেলে এই প্যারা খেতে হবে বলেই আগাম জানিয়ে রাখলাম। এই ফোনে অন্তত 6GB RAM দেওয়া উচিত ছিল, তবেই এটাকে অলরাউন্ডার বলা যেত।
তবে শুধু রেগুলার ইউসেজের কথা বললে, র্যামের ঝামেলা বাদে স্পিড মেনে নেওয়ার মতো। OxygenOS 13.1-এর অপটিমাইজেশন ভালো, অ্যাপ ওপেনিং-ক্লোজিং দ্রুত। দৈনন্দিন কাজ—ইউটিউব, সোশ্যাল মিডিয়া, হালকা কলিং—সবই স্মুথ।
গেমিং নিয়েও একটু বলি। PUBG-তে গ্রাফিক্স HD আর ফ্রেম রেট High-এ সেট করে খেলা যায়। এনিমি বেশি হয়ে গেলে টুকটাক ফ্রেম ড্রপ দেখবেন, যা এই প্রাইস রেঞ্জে নরমাল। জাইরোস্কোপ ঠিকঠাক কাজ করে, অ্যাকশন গেমের ফিডব্যাক ভালোই পেয়েছি। ফোন বেশি গরমও হয় না খেলার সময়, যা প্রশংসার দাবি রাখে।
Camera System
পিছনের দিকে বড় ক্যামেরা বাম্প, তবে বেশি উঁচু না। এতে আছে 50MP প্রাইমারি সেন্সর আর 2MP ডেপ্থ সেন্সর। সামনে সেলফির জন্য 8MP ক্যামেরা।
দিনের আলোতে মেইন ক্যামেরার আউটপুট ঠিকঠাকই বলা চলে। ডিটেইলস মোটামুটি, কালার ন্যাচারাল। এই দামের অনেক ফোন রং ঘেঁটে ভীষণ ভিড বাড়ায়, এটা সে পথে হাঁটেনি। অনেকের কাছেই এই ন্যাচারাল টোন ভালো লাগবে। তবে ডায়নামিক রেঞ্জ আরেকটু উন্নতি করতে পারলে ছবিগুলো আরও প্রাণবন্ত হতো।
পোর্ট্রেট মোডের পারফরম্যান্স ভালো পেয়েছি। এজ ডিটেকশন যথেষ্ট একুরেট, তেমন গলদ খুঁজে পাইনি। তবে ফেস একটু স্মুথ করে, ব্রাইট করে দেয়—যেন হালকা মেকআপ চড়িয়ে দেয়। এটা কারোর কাছে পছন্দ হতে পারে, কারোর নয়।
লো লাইটে ছবির কোয়ালিটি একটু কমে আসে, ডিটেইলসও ক্ষয় হয়। তবে নাইট মোড অন করে কয়েক সেকেন্ড স্থির রেখে তুললে মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। এক্সপেক্টেশন আকাশছোঁয়া না থাকলে চলবে।
8MP ফ্রন্ট ক্যামেরা থেকে একটু বেশি শার্পনেস চাইতাম। সেলফিগুলো কিছুটা সফট আসে। ভিডিওর বেলায়, সামনে পেছনে দুইদিকেই 1080p 30fps রেকর্ড হয়। স্টেবিলাইজেশন ইলেকট্রনিকভাবে হয়, কোনো চমক নেই, কিন্তু চলে যাওয়ার মতো।
এক কথায় বলতে গেলে—এই বাজেটে ক্যামেরা কেউ বেশি কিছু দেয় না, আর OnePlus-ও দেয়নি। কাজ চালানোর জন্য যথেষ্ট, বেশি কিছু আশা করলে হতাশ হবেন।
Battery Life & Charging
ব্যাটারি লাইফের দিক থেকে এই ফোন সত্যিই চমৎকার। 5000mAh ব্যাটারি, LTPS ডিসপ্লে, আর এফিশিয়েন্ট MediaTek Dimensity 6020 চিপ মিলে দারুণ ব্যাকআপ দেয়। মোটামুটি দেড় দিন থেকে দুই দিন আরামে চলে যায়, ইউসেজ অনুযায়ী। খুব কম লোকে একদিনেই শেষ করতে পারবেন।
চার্জিং-এর জন্য বক্সের ভেতরেই OnePlus-এর সিগনেচার লাল কেবলসহ 33W SuperVOOC চার্জার পেয়ে যাচ্ছেন। একটা গুরুত্বপূর্ণ কথা—আমরা যতটুকু জানি, বাংলাদেশের বাজারে বক্সের ভেতর চার্জার দেওয়ার এই আয়োজন সম্ভবত OnePlus বাংলাদেশ-ই করছে। আন্তর্জাতিকভাবে অনেক জায়গায় শুধু কেবল দেওয়া হয়। এই চার্জারে ফোন ০ থেকে ১০০% হতে এক ঘন্টার কিছু বেশি সময় নেয়, যা দারুণ।
Software & Features
এই ফোনে OxygenOS 13.1 (Android 13-এর উপর ভিত্তি করে) চলছে। OxygenOS-এর ক্লিন অ্যান্ড স্মুথ রেপুটেশন প্রায় অটুট। এই বাজেট ডিভাইসেও সেটা বজায় রেখেছে। হেভি ব্লোটওয়্যার বা বিরক্তিকর অ্যাড নেই বললেই চলে। প্রি-ইনস্টল অ্যাপ বলতে Netflix, Bijoy Keyboard, আর Candy Crush-এর মতো কিছু অ্যাপ পাবেন, যা ইচ্ছে করলে আনইনস্টলও করা যায়।
UI-টা ভীষণ স্ন্যাপি। সিস্টেম অ্যানিমেশনগুলো ফাস্ট আর স্মুথ। সফটওয়্যারের বেলায় এই ফোন রেগুলার বাজেট ফোনগুলোর ভারী ও কমপ্লেক্স UI থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স দেয়, এটা বলতেই হবে।
OnePlus দাবি করেছে, এই ডিভাইসটি ২টা মেজর Android আপডেট আর ৩ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এখন Android 13 চলছে, তার মানে Android 15 পর্যন্ত পাওয়া যাবে। আরেকটা দাবি ‘36 মাস ফ্লুয়েন্সি প্রোটেকশন’, অর্থাৎ ফোনটা ৩ বছর পর্যন্ত ফ্রেশ ও স্মুথ থাকবে। সময়ই বলবে কতটা কাজে দেয়, তবে শুরুটা যথেষ্ট ভালো।
Final Verdict
বন্ধুরা, OnePlus Nord N30 SE 5G-কে পুরোটা মেপে বলতে গেলে—১৬,৯৯৯ টাকা অফিশিয়াল ওয়ারেন্টি সহ কেমন ডিল? আমার মতে, বেশ ভালো ডিল। প্রাইসিং একটু এগ্রেসিভ দিয়েছে OnePlus, সেটা স্বীকার করতেই হবে। বডি, ডিসপ্লে, সাউন্ড, পারফরম্যান্স, ব্যাটারি—সবখানেই গভীরে গেলে ভালো কিছু পাওয়া যায়, শুধু RAM-এর দিকে তাকালে একটু আফসোস লাগে।
এই দামে 4GB RAM থাকার কারণে যারা ভারী মাল্টিটাস্কার, তাদের জন্য ফোনটি উপযুক্ত না। কিন্তু যারা সামান্য গেমিং, সোশ্যাল মিডিয়া আর দৈনন্দিন কাজের জন্য একটা নির্ভরযোগ্য, সুন্দর, আর অফিশিয়াল ওয়ারেন্টির আওতায় থাকা ফোন চান, তাদের জন্য এটা সলিড অপশন।
আর গ্রীন লাইনের ইস্যু? এটা IPS LCD ডিসপ্লে, তাই এখানে সেই ভয় অর্থহীন। তবে অনেকেই OnePlus-এর কাছে তারুণ্যের ভ্যালু ফ্ল্যাগশিপ ফোনের প্রত্যাশা করে থাকেন, যেগুলোতে গ্রীন লাইনের মতো কোনো সমস্যা এলে সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে। সেই ব্র্যান্ড ভ্যালু কি এই বাজেট ধারায় ফিরবে? সেটা সময় আর কাস্টমার সার্ভিসের মানের ওপর নির্ভর করছে। তবু একটু নিশ্চিন্তে বলে রাখি—একটা অফিশিয়াল স্টোর থেকে কিনলে, ওয়ারেন্টি আর আফটার সেল সাপোর্টের নিশ্চয়তা মিলবে। যারা নতুন কিছু ট্রাই করতে চান, বাজেট মাথায় রেখে অনায়াসে OnePlus Nord N30 SE 5G বিবেচনায় রাখতেই পারেন।


